ভারতের মুম্বাই এ একই পরিবারের চার সদস্যের আকস্মিক মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য। শুরুতে তরমুজ খাওয়ার কারণে এই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে গুজব ছড়ালেও তদন্তে উঠে আসছে ভিন্ন তথ্য।
মিডিয়া প্রতিবেদন অনুযায়ী, মৃতদের শরীরে মরফিনজাতীয় শক্তিশালী রাসায়নিকের উপস্থিতি পাওয়া গেছে, যা ঘটনাটিকে নতুন মোড় দিয়েছে।
ঘটনার দিন রাতে পরিবারের সদস্যরা আত্মীয়দের নিয়ে নৈশভোজে মাটন পোলাও খান। পরে গভীর রাতে তারা তরমুজ খান। ভোরের দিকে পরিবারের সদস্যরা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বমি ও ডায়রিয়ার মতো উপসর্গ দেখা দিলে প্রথমে এটিকে সাধারণ খাদ্যে বিষক্রিয়া মনে করা হয়েছিল।
কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই চারজনের মৃত্যু হলে বিষয়টি সন্দেহজনক হয়ে ওঠে। চিকিৎসকরা জানান, মৃতদের অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ সবুজাভ হয়ে যাওয়ার মতো অস্বাভাবিক লক্ষণ দেখা গেছে, যা সাধারণ খাদ্যে বিষক্রিয়ার ক্ষেত্রে সচরাচর দেখা যায় না।
এদিকে মহারাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন জানিয়েছে, তরমুজ থেকে মৃত্যুর কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি। একই অনুষ্ঠানে থাকা অন্যরা পোলাও খেলেও অসুস্থ না হওয়ায় সন্দেহ আরও ঘনীভূত হয়েছে।
পুলিশ জানিয়েছে, অপমৃত্যুর মামলা দায়ের করে বিষয়টি তদন্ত করা হচ্ছে। পরিবারের মানসিক অবস্থা, সম্ভাব্য বিষক্রিয়া বা অন্য কোনো কারণ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি তরমুজে ভেজাল বা বিষাক্ত পদার্থ ছিল কি না, তাও পরীক্ষা করা হচ্ছে।
ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন এখনও প্রকাশ হয়নি। মৃতদের ভিসেরা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে না আসা পর্যন্ত এই রহস্যজনক মৃত্যুর প্রকৃত কারণ অনিশ্চিতই থেকে যাচ্ছে।