বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন বলে জানা গেছে। এ সফরকে কেন্দ্র করে সম্ভাব্য কর্মসূচির বিভিন্ন ভেন্যু পরিদর্শন করছেন স্থানীয় নেতারা।
শনিবার (২ মে) সকালে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জেলা বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে সম্ভাব্য কর্মসূচির স্থানগুলো ঘুরে দেখেন।
জানা গেছে, সফরকালে তারেক রহমান খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে অংশ নেবেন। এছাড়া সুধী সমাবেশ ও জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে।
প্রস্তুতির অংশ হিসেবে নেতারা চাঁদপুর সরকারি কলেজ, পৌর অডিটোরিয়ামসহ একাধিক স্থান পরিদর্শন করেছেন। এর আগে শুক্রবার চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট এলাকায় খাল পুনঃখননের নির্ধারিত স্থান ঘুরে দেখেন তারা।
উল্লেখ্য, ঘোষেরহাট এলাকার এই খালটি অতীতে জিয়াউর রহমান এর সময়ে খনন করা হয়েছিল। দীর্ঘদিন অব্যবস্থাপনায় ভরাট হয়ে যাওয়া এসব খাল পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে।
বিএনপির নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে খাল পুনঃখনন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে সেচব্যবস্থার উন্নয়ন, মাছ চাষ, হাঁস পালনসহ খালনির্ভর অর্থনীতি পুনরুজ্জীবিত করার পরিকল্পনা রয়েছে।