পটুয়াখালীর বাউফল উপজেলায় নিখোঁজের প্রায় ৬০ ঘণ্টা পর এক কিশোরীর (১৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ আগস্ট) সকাল ৯টার দিকে কনকদিয়া ইউনিয়নের কুম্ভখালী-নুরাইনপাশা খালের পাশ থেকে লাশটি পাওয়া যায়।
নিহত কিশোরী উপজেলার সদর ইউনিয়নের গোসিংগা গ্রামের নজরুল বয়াতির মেয়ে। তিনি নানাবাড়ি কুম্ভখালী গ্রামে থাকতেন।
পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার রাত ২টার দিকে ভুক্তভোগী ও তার বড় বোন বাসার বাইরে টয়লেটে গিয়েছিলেন। কিছুক্ষণের মধ্যেই কিশোরীকে আর খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় পুলিশের একাধিক টিম তদন্ত শুরু করেছে।
বাউফল থানার ওসি আকতারুজ্জামান সরকার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। তদন্ত দ্রুত শেষ করে সত্য উদঘাটন করা হবে।