ভারতের উদ্যোগে প্রথমবারের মতো বহুপাক্ষিক সামরিক মহড়া আয়োজন করা হচ্ছে, যেখানে ১১টি প্রতিবেশী দেশ অংশ নিচ্ছে—তবে তালিকায় নেই বাংলাদেশ।
আগামী ১৮ থেকে ৩১ মে পর্যন্ত ভারতের মেঘালয় রাজ্যে অনুষ্ঠিত হবে ‘প্রগতি’ নামের এই মহড়া। এতে অংশ নিচ্ছে লাওস, মিয়ানমার, ভিয়েতনাম, সেশেলস, শ্রীলঙ্কা, ফিলিপাইন, নেপাল, মালদ্বীপ, মালয়েশিয়া, কম্বোডিয়া এবং ভুটান।
এই মহড়ার আয়োজন করছে ভারতীয় সেনাবাহিনী। বাহিনীর জনতথ্য বিভাগ জানায়, আঞ্চলিক সহযোগিতা জোরদার এবং যৌথ সামরিক সক্ষমতা বৃদ্ধিই এই মহড়ার মূল লক্ষ্য।
মহড়ার প্রধান ফোকাস থাকবে বিদ্রোহ দমন ও সন্ত্রাসবিরোধী অভিযানে যৌথ প্রশিক্ষণ। এর মাধ্যমে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সমন্বয়, অভিজ্ঞতা বিনিময় এবং প্রতিরক্ষা কূটনীতি আরও শক্তিশালী করার চেষ্টা করা হবে।
বিশ্লেষকদের মতে, আগে যেখানে ভারত সীমিত সংখ্যক দেশের সঙ্গে যৌথ মহড়া করত, সেখানে এবার একসঙ্গে ১১ দেশের অংশগ্রহণ আঞ্চলিক সামরিক সহযোগিতায় নতুন মাত্রা যোগ করছে। এটি এশিয়া ও ভারত মহাসাগরীয় অঞ্চলে একটি সমন্বিত প্রতিরক্ষা কাঠামো গঠনের ইঙ্গিত বলেও মনে করা হচ্ছে।
তবে এই মহড়ায় বাংলাদেশের অনুপস্থিতি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। ফলে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা তৈরি হয়েছে।