দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের আশঙ্কায় সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া পূর্বাভাস অনুযায়ী, রাজধানী ঢাকাসহ দেশের ১৭টি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ সময় এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়ো হাওয়ার কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এর আগে দেওয়া আরেক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বা তার বেশি বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।
এই ঝড়ের সঙ্গে বজ্রপাত এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
নদীপথে চলাচলকারী নৌযান, জেলে এবং নদী তীরবর্তী বাসিন্দাদের বিশেষ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।