যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি মসজিদে দুই শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে এক বাংলাদেশি ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে জ্যামাইকা এলাকার মসজিদ বিলাল-এ। অভিযুক্ত তাজুল ইসলাম (৬৫) নামের ওই ইমামের বিরুদ্ধে অভিযোগ, গত ২১ ও ২৭ এপ্রিল তিনি পৃথকভাবে দুই ১০ বছর বয়সী শিশুকে মসজিদের ভেতরে যৌন নিপীড়ন করেন।
পুলিশ জানায়, প্রথম ঘটনায় ২১ এপ্রিল বিকেল সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে এক শিশুর সঙ্গে অনাকাঙ্ক্ষিত স্পর্শের ঘটনা ঘটে। পরে ২৭ এপ্রিল সন্ধ্যায় আরেক শিশুর ক্ষেত্রেও একই ধরনের অভিযোগ ওঠে।
ঘটনার দিনই তাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে কুইন্স ক্রিমিনাল কোর্ট তাকে ২৫ হাজার ডলার বন্ডে জামিন দেয়। আদালত তাকে ভুক্তভোগী শিশুদের কাছ থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে।
তার বিরুদ্ধে প্রথম ডিগ্রির যৌন নির্যাতন, জোরপূর্বক স্পর্শ এবং শিশুর কল্যাণ বিপন্ন করার একাধিক অভিযোগ আনা হয়েছে।
এদিকে পুলিশ অভিযুক্তের ছবি প্রকাশ করে জানিয়েছে, এ ধরনের আরও কোনো অভিযোগ থাকলে সংশ্লিষ্টদের সেক্স ক্রাইম হটলাইনে যোগাযোগ করতে।
ঘটনার বিষয়ে মসজিদ কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনও জানা যায়নি।