ইতালিতে ট্রেন দুর্ঘটনায় এক প্রবাসী বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) লেভাতে এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম (৫৫) দীর্ঘ ২৭ বছর ধরে বেরগামো অঞ্চলে বসবাস করছিলেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের জাজিসার গ্রামের বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা গেছে, কর্মস্থলে যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার সন্তান রেখে গেছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির আকস্মিক মৃত্যুতে স্বজনদের মধ্যে শোকের পাশাপাশি ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
নিহতের ভাতিজা সাইফুল ইসলাম জানান, দীর্ঘ প্রবাসজীবন শেষে এমন দুর্ঘটনায় প্রাণ হারানোয় পুরো পরিবার ভেঙে পড়েছে। বর্তমানে মরদেহ ইতালির একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পরিবারের পক্ষ থেকে দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করা হয়েছে।