ললিউডের আলোচিত জুটি হানিয়া আমির ও আসিম আজহার-কে ঘিরে আবারও জোরালো হয়েছে সম্পর্কের গুঞ্জন। এক সময়ের প্রেম, বিচ্ছেদ আর দীর্ঘ নীরবতার পর তাদের সাম্প্রতিক উপস্থিতি ভক্তদের মনে নতুন প্রশ্ন তুলছে—তারা কি আবার এক হচ্ছেন?
সম্প্রতি এক কনসার্টে আসিমের পারফরম্যান্সের সময় হানিয়ার দিকে তাকিয়ে গান গাওয়ার দৃশ্য সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। সেই মুহূর্তে দুজনের চোখের ভাষা অনেককেই পুরনো সম্পর্কের কথা মনে করিয়ে দিয়েছে।
এরপর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আরেকটি কনসার্টে হানিয়াকে দেখা যায় নিজেকে আড়াল করার চেষ্টা করতে। তবে যে রুমাল দিয়ে তিনি মুখ ঢেকেছিলেন, তাতে বড় করে লেখা ছিল ‘আসিম আলি’—যা ভক্তদের কাছে নিছক কাকতালীয় মনে হয়নি। অনেকেই এটিকে ‘সফট লঞ্চ’ হিসেবে দেখছেন, অর্থাৎ প্রকাশ্যে কিছু না বলেও সম্পর্কের ইঙ্গিত দেওয়া।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিওতে তাদের ঘনিষ্ঠ আচরণ—কখনো চোখের ইশারা, কখনো হাত ধরা—এই গুঞ্জনকে আরও উসকে দিয়েছে।
পাকিস্তানি গণমাধ্যমের কিছু প্রতিবেদনে এমনও বলা হচ্ছে, চলতি বছরের শেষ নাগাদ বিয়ের সম্ভাবনাও রয়েছে। যদিও এ বিষয়ে এখনো সরাসরি কিছু জানাননি হানিয়া আমির বা আসিম আজহার—তবুও তাদের সাম্প্রতিক উপস্থিতি অনেকের কাছেই স্পষ্ট বার্তা দিচ্ছে।
সব মিলিয়ে, আনুষ্ঠানিক ঘোষণা না এলেও এই জুটির গল্প যে আবার নতুন অধ্যায়ে প্রবেশ করছে—এমনটাই মনে করছেন ভক্তরা।