নতুন ভোটার হওয়া বা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আবেদন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে আবেদনকারী মাধ্যমিক পাস হলে তার এসএসসি সনদ সার্ভারে আপলোড করা বাধ্যতামূলক করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) ইসির এনআইডি শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠানো হয়। এতে বলা হয়েছে, আবেদনকারীর তথ্যের সঠিকতা নিশ্চিত করা এবং ভবিষ্যতে এনআইডি সংশোধনের জটিলতা এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইসির এনআইডি শাখার পরিচালক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত নির্দেশনায় উল্লেখ করা হয়, ভোটার নিবন্ধনের সময় জন্ম সনদ, নিবন্ধন ফরম ও প্রুফ কপির পাশাপাশি এসএসসি সনদ একটি গুরুত্বপূর্ণ নথি। বিশেষ করে জন্মতারিখসহ বিভিন্ন তথ্য যাচাইয়ের ক্ষেত্রে এই সনদের প্রয়োজন হয়।
ইসি জানায়, অনেক ক্ষেত্রে দেখা গেছে আবেদনকারী মাধ্যমিক পাস হলেও সংশ্লিষ্ট অফিসগুলো সনদ ডাটাবেজে যুক্ত করছে না। ফলে পরবর্তীতে তথ্য সংশোধনের সময় জটিলতা তৈরি হয় এবং অনেক আবেদনকারী নিজের শিক্ষাগত যোগ্যতা অস্বীকার করায় অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।
নতুন নির্দেশনা অনুযায়ী, কেউ যদি উচ্চমাধ্যমিক বা তার বেশি শিক্ষিত হন, তাহলে এসএসসি সনদের পাশাপাশি সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার সনদও জমা দিতে হবে। এসব নথি মূল কপি বা ফটোকপি আকারে সংশ্লিষ্ট অফিসে সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া এই নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা তা তদারকির জন্য আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা নিয়মিত অফিস পরিদর্শন ও নথিপত্র যাচাই করবেন।
ইসির মতে, এই উদ্যোগের ফলে এনআইডি ডাটাবেজে তথ্যের নির্ভুলতা বাড়বে এবং জালিয়াতি প্রতিরোধ করা সহজ হবে।