লাক্স তারকা থেকে রূপালি পর্দা, এরপর আন্তর্জাতিক মঞ্চ ও বলিউড—অভিনেত্রী আজমেরী হক বাঁধনের যাত্রা ছিল নানা চ্যালেঞ্জে ভরা। পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত ক্ষেত্রেও একাই লড়াই করে এগিয়েছেন তিনি। নিজের জীবনের পুরুষদের ভূমিকা নিয়ে বৃহস্পতিবার (২১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী।
বাঁধন লিখেছেন, “আমাকে নিয়ে একটা ভুল ধারণা আছে। অনেকে মনে করেন আমি পুরুষদের অপছন্দ করি। বিষয়টা মোটেও সত্য নয়। আমি অপছন্দ করি পিতৃতন্ত্রকে—যারা সেটি লালন করেন তাদের। তবে মানুষকে আমি ঘৃণা করি না।”
তিনি আরও উল্লেখ করেন, জীবনে এমন কিছু পুরুষ ছিলেন যারা তাকে শক্তভাবে দাঁড়াতে সহায়তা করেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ তার বাবা এবং রেহানা সিনেমার পরিচালক সাদ—তাদের অবদান জীবনে গভীর প্রভাব ফেলেছে।
নিজের ভাইদের প্রসঙ্গ টেনে বাঁধন লিখেছেন, “ভাইরা শুধু সহচর নন, ছোট ভাই রাশা আমার সবচেয়ে প্রিয় বন্ধু। আবার বড় ভাই এমন সময়ে পাশে ছিলেন, যখন মা-বাবাও পাশে থাকতে পারেননি। সম্পত্তি ভাগাভাগিতেও তারা শরিয়াহর প্রচলিত নিয়ম ভেঙে সমান ভাগ করেছেন। এই সিদ্ধান্ত আমার কাছে অসাধারণ।”
তবে নেতিবাচক অভিজ্ঞতার কথাও লুকাননি তিনি। বাঁধনের ভাষায়, “আমার জীবনে এমন পুরুষও ছিলেন যারা অসম্মানজনক, সহিংস ও অমানবিক ছিলেন। তাদের নিষ্ঠুরতা আমাকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শিখিয়েছে। তাদের জন্য আমি প্রার্থনা করব না, তবে তারা আমার গল্পে থেকে যাবেন।”
স্ট্যাটাসের শেষ অংশে বাঁধন আবারও পরিষ্কার করে লিখেছেন, “ভুল বোঝাবেন না, আমি পুরুষদের অপছন্দ করি না। আমি পিতৃতন্ত্রকে অপছন্দ করি। আর হ্যাঁ, আমি পুরুষদের পছন্দ করি।”