স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বাংলাদেশ পুলিশে নতুন করে ১৪ হাজার ৫০০টি পদ সৃষ্টি করা হচ্ছে। এর মধ্যে সহকারী পুলিশ সুপার (এএসপি) ৫০০টি, উপ-পরিদর্শক (এসআই, নিরস্ত্র) ৪ হাজার এবং কনস্টেবল ১০ হাজার পদ রয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া-র প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ পুলিশে মোট ২ লাখ ১৮ হাজার ৫৫৪টি পদ রয়েছে। এর মধ্যে পুলিশ সদস্য ২ লাখ ৭ হাজার ৭৪৫ জন, নন-পুলিশ পদ ৮ হাজার ৪৭টি এবং আউটসোর্সিংয়ের মাধ্যমে নন-পুলিশ পদ রয়েছে ২ হাজার ৭৬২টি।
তিনি আরও জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ২ হাজার ৭০৩টি কনস্টেবলের শূন্যপদের বিপরীতে নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া সরাসরি ২ হাজার এএসআই নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।
একই অধিবেশনে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য আবুল হাসনাত-এর প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে ৪৬৪টি হত্যা মামলা ও ৬৬৬টি ধর্ষণ মামলা হয়েছে। এসব মামলায় হত্যা ঘটনায় ৬০৪ জন এবং ধর্ষণ ঘটনায় ৫৩০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি জানান, হত্যা মামলায় ১১ জন এবং ধর্ষণ মামলায় ৭১ জন আসামি জামিনে মুক্তি পেয়েছেন। গুরুতর এসব অপরাধে জড়িতদের শাস্তি নিশ্চিত করতে মামলাগুলো নিবিড়ভাবে তদন্ত করা হচ্ছে এবং দ্রুত অভিযোগপত্র দাখিলের কার্যক্রম অব্যাহত রয়েছে।