ভারতের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে রাঘব চাড্ডা-র দলবদলকে ঘিরে। আম আদমি পার্টি ছেড়ে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি-তে যোগ দেওয়ার পর তার সঙ্গে দলটির নেতাদের বাকযুদ্ধ শুরু হয়েছে।
সম্প্রতি রাঘব চাড্ডা আরও ছয়জন সংসদ সদস্যকে সঙ্গে নিয়ে দলত্যাগ করেন। পরে সামাজিক মাধ্যমে দেওয়া এক ভিডিওতে তিনি অভিযোগ করেন, এএপির অভ্যন্তরীণ পরিবেশ ‘বিষাক্ত কর্মপরিবেশে’ পরিণত হয়েছে।
এর জবাবে দিল্লি এএপি ইউনিটের প্রধান সৌরভ ভরদ্বাজ কড়া প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, কোনো কর্মী প্রতিষ্ঠান ছাড়লে সাধারণত নির্দিষ্ট সময় দায়িত্ব হস্তান্তর করে, কিন্তু চাড্ডা তা না করে দলকে বিব্রত করেছেন।
ব্যক্তিগত আক্রমণ করে সৌরভ ভরদ্বাজ বলেন, অভিনেত্রী পরিণীতি চোপড়া-র সঙ্গে রাঘব চাড্ডার বিয়েও সম্ভব হয়েছে দলের কারণে। তার ভাষায়, “আজ আপনি বিয়ে করতে পেরেছেন, কারণ দল আপনাকে সংসদ সদস্য বানিয়েছে। নইলে কেউ আপনাকে চিনতও না।”
উল্লেখ্য, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে উদয়পুরে জাঁকজমকপূর্ণ আয়োজনে বিয়ে করেন রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়া। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান।
অন্যদিকে নিজের অবস্থান ব্যাখ্যা করে রাঘব চাড্ডা বলেন, তিনি রাজনীতিকে পেশা হিসেবে নেননি। গত ১৫ বছর একটি দলের জন্য কাজ করলেও বর্তমানে সেখানে স্বাধীনভাবে কথা বলা ও কাজ করার সুযোগ পাচ্ছেন না। তার অভিযোগ, দলটি এখন ‘দুর্নীতিগ্রস্তদের নিয়ন্ত্রণে’ চলে গেছে।