সৌদি আরব সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির আজ রিয়াদে দেশটির পররাষ্ট্র উপমন্ত্রী প্রকৌশলী ওয়ালিদ আবদুল করিম আল-খুরেইজির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।
সাক্ষাৎকালে পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের উদ্দেশ্যে প্রেরিত একটি সংহতি বার্তা হস্তান্তর করেন।
বৈঠকে উপদেষ্টা হুমায়ুন কবির সৌদি উপমন্ত্রীকে নিশ্চিত করেন যে, বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের সংকটময় মুহূর্তে বাংলাদেশ সরকার ও জনগণ সৌদি আরবের পাশে অটল রয়েছে। আলোচনার এক পর্যায়ে তিনি দুই দেশের মধ্যকার বাণিজ্য ও জ্বালানি খাতসহ বিভিন্ন নতুন ক্ষেত্রে সহযোগিতার সুযোগ উন্মোচনের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার ও বহুমুখী করার ওপর গুরুত্বারোপ করেন।
উপদেষ্টা সৌদি মন্ত্রীকে জানান যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী সৌদি আরবের বাদশাহ এবং ক্রাউন প্রিন্সকে তাঁদের সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন।
জবাবে সৌদি উপমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে আন্তরিক ধন্যবাদ জানান। বিশেষ করে, এই সংকটকালে বাংলাদেশের অকুণ্ঠ সমর্থনের জন্য সৌদি সরকারের পক্ষ থেকে তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।