আসামির স্বীকারোক্তি, একজন রিমান্ডে
কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় গ্রেফতার পাঁচজনের মধ্যে চারজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপর এক আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার বিকেলে পুলিশ গ্রেফতার পাঁচজনকে কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। পরে সন্ধ্যায় চারজন আসামি বিচারকের কাছে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেন।
স্বীকারোক্তি দেওয়া আসামিরা হলেন— মোহাম্মদ সোহাগ (৩০), ইমরান হোসেন হৃদয় (৩৭), মোহাম্মদ সুজন (৩২) এবং রাহাত হোসেন জুয়েল (২৭)। অন্যদিকে, ইসমাইল হোসেন জনিকে (২৮) আরও তথ্য জানতে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, প্রশিক্ষণ শেষে চট্টগ্রাম থেকে কুমিল্লায় ফেরার পথে সিএনজি অটোরিকশায় যাত্রী সেজে থাকা একটি ছিনতাইকারী চক্রের কবলে পড়েন ওই কর্মকর্তা।
তদন্তে জানা গেছে, সংঘবদ্ধ এই চক্রটি কুমিল্লা শহরে যাত্রীদের টার্গেট করে ছিনতাই ও ডাকাতি চালাত। ঘটনার রাতে তারা জাগুরঝুলি বিশ্বরোড এলাকায় অবস্থান নিয়ে বুলেট বৈরাগীকে সিএনজিতে তুলে নেয়। পরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তার কাছ থেকে নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
পরবর্তীতে কোটবাড়ি এলাকায় চলন্ত সিএনজি থেকে তাকে ফেলে দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।