গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় আওয়ামী লীগের ছয় নেতা একযোগে দল ছাড়ার ঘোষণা দিয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) রাতে উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা পদত্যাগের বিষয়টি জানান। ব্যক্তিগত কারণ উল্লেখ করে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন—পৌর আওয়ামী লীগের ৩নং ওয়ার্ডের সদস্য ও সাবেক কাউন্সিলর মো. নিয়ামত খান, ২নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি মো. জামাল হোসেন মুন্সী, ৩নং ওয়ার্ডের সভাপতি পরিমল সাহা, সাধারণ সম্পাদক শান্ত সাহা, ২নং ওয়ার্ডের সদস্য মো. শফিকুল ইসলাম এবং আওয়ামী লীগ সমর্থক জয়ন্ত সাহা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিয়ামত খান বলেন, “২২ আগস্ট থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না। তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা সবসময় অঙ্গীকারবদ্ধ থাকবো এবং জাতির কল্যাণে কাজ চালিয়ে যাব।”
এর একদিন আগে, বৃহস্পতিবার বিকেলে উপজেলার ননীক্ষীর ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের আটজন নেতা সংবাদ সম্মেলনের মাধ্যমে দল ছাড়েন।
এ বিষয়ে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হায়দার হোসেন জানান, “তাদের পদত্যাগে দলের কোনো ক্ষতি হবে না। তারা গুরুত্বপূর্ণ পদে ছিলেন না; বরং দলের সুসময়ে সুবিধা নিয়েছেন।”