পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তিন দিনের সরকারি সফরে আজ শনিবার (২৩ আগস্ট) ঢাকা পৌঁছেছেন। দুপুরে বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
সরকারি সূত্র জানিয়েছে, সফরকালে কূটনীতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসামুক্ত যাতায়াতের জন্য একটি চুক্তি সই হবে। এছাড়া দ্বিপক্ষীয় বাণিজ্য উন্নয়নে ওয়ার্কিং গ্রুপ গঠন, দুই দেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা, ফরেন সার্ভিস একাডেমি এবং নীতিনির্ধারণী গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বাড়াতে একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে।
এর পাশাপাশি সাংস্কৃতিক সহযোগিতা চুক্তি নবায়নও হবে। আলোচনায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত গণহত্যা, স্বাধীনতা-পূর্ব অভিন্ন সম্পদের অংশীদারি, এবং পাকিস্তানে আটক থাকা বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসন ইস্যুতে কথাবার্তা হবে বলে জানা গেছে।
সফরের অংশ হিসেবে ইসহাক দারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।
উল্লেখযোগ্য যে, ২০১২ সালে হিনা রব্বানি খার ছিলেন সর্বশেষ পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী, যিনি ডি-৮ সম্মেলনের আমন্ত্রণ জানাতে ঢাকা সফর করেছিলেন।
গত বছরের আগস্টে গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের পর থেকে পাকিস্তান ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নতির পথে। ইতোমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে, যার মধ্যে পাকিস্তানি পণ্যের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সমুদ্রপথে সরাসরি বাণিজ্য চালু অন্যতম।