চট্টগ্রাম-এ নিউমোনিয়ার প্রকোপ আশঙ্কাজনকভাবে বেড়েছে। চলতি এপ্রিল মাসের প্রথম ২৬ দিনে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় ৩৮ জন শিশুর মৃত্যু হয়েছে।
চিকিৎসকদের মতে, হামের সংক্রমণের সঙ্গে নিউমোনিয়া যুক্ত হওয়ায় অনেক শিশুর অবস্থা দ্রুত গুরুতর হয়ে উঠছে।
বিশেষজ্ঞরা জানান, আবহাওয়ার হঠাৎ পরিবর্তন, তীব্র গরম, ধুলাবালি এবং ভাইরাস ও জীবাণুর সংক্রমণ বৃদ্ধির কারণে নিউমোনিয়ার বিস্তার বেড়েছে।
হাসপাতালের শিশু ওয়ার্ডে বর্তমানে রোগীর চাপ অত্যন্ত বেশি। নির্ধারিত শয্যার তুলনায় প্রায় চারগুণ বেশি রোগী ভর্তি থাকায় এক শয্যায় একাধিক শিশুকে রাখা হচ্ছে।
ওয়ার্ডে জায়গা না থাকায় অনেক শিশুকে মেঝে, বারান্দা কিংবা ওয়ার্ডের বাইরেও চিকিৎসা দিতে হচ্ছে।
শিশুদের জন্য নির্ধারিত দুটি ওয়ার্ডে প্রায় দেড়শো শয্যার বিপরীতে বর্তমানে ৪২০ জনেরও বেশি রোগী ভর্তি রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪০ জন ভর্তি হয়েছে, যাদের মধ্যে অধিকাংশই নিউমোনিয়ায় আক্রান্ত।
হাসপাতাল সূত্রে জানা যায়, আক্রান্ত শিশুদের বড় একটি অংশ বাঁশখালী, চকরিয়া, কক্সবাজার, মহেশখালী ও কুতুবদিয়া থেকে এসেছে। এছাড়া ফেনী ও নোয়াখালী থেকেও রোগী আসছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা।