বার্সেলোনা শহরে সহিংস কিশোর গ্যাং ও অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে বলে সতর্ক করেছে সিটি কাউন্সিলের বেশিরভাগ রাজনৈতিক দল। শহরের নিরাপত্তা বিষয়ক উপ-মেয়র আলবের্ত বাত্যে জানান, সরকারি নথিতেই এ ধরনের গ্যাংয়ের উপস্থিতি বৃদ্ধির প্রমাণ পাওয়া গেছে।
এ পরিস্থিতি মোকাবিলায় এপ্রিল মাসের সিটি কাউন্সিল বৈঠকে একটি বিশেষ পুলিশি পরিকল্পনা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ প্রস্তাবে সমর্থন দিয়েছে জুনৎস, পিএসসি, ইআরসি এবং পিপি। অন্যদিকে বার্সেলোনা এন কোমু ও ভক্স ভোটদানে বিরত থাকে।
প্রস্তাবিত পরিকল্পনাটি বাস্তবায়নে মসোস দেস্কুয়াদ্রা, গার্দিয়া উরবানা-সহ বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সমন্বয় করার কথা বলা হয়েছে। পাশাপাশি সামাজিক দৃষ্টিভঙ্গিও অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে তরুণরা এসব গ্যাংয়ে জড়িয়ে না পড়ে।
আলবের্ত বাত্যে বলেন, অপরাধ দমনে কঠোর পুলিশি ব্যবস্থা জরুরি হলেও তরুণদের জন্য সামাজিক সুরক্ষা ও বিকল্প সুযোগ তৈরি করাও সমান গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, ২০০০-এর দশকের শুরুতে বার্সেলোনা “লাতিন গ্যাং” দমনে কঠোর পদক্ষেপ নিয়েছিল। তবে বর্তমানে পরিস্থিতি ভিন্ন—এখন গ্যাংগুলো কম পরিচয়ভিত্তিক হলেও বেশি সহিংস এবং এতে জড়িতদের বয়সও কম।
এদিকে জর্দি মার্তি গালবিস সাম্প্রতিক সময়ে দিনের আলোতে গুলি চালানোর মতো ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি সতর্ক করে বলেন, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে।