আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ স্থানে এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
আজ (শনিবার) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, উল্লিখিত অঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে আরও জানানো হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়ার সার্বিক অবস্থায় বলা হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল ও আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত প্রসারিত। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। পাশাপাশি আগামী ২৫ আগস্টের মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় আরেকটি লঘুচাপ তৈরি হতে পারে।
গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুরের সৈয়দপুরে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সিলেটে ২৪ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় দেশের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে, যা ছিল ৯৫ মিলিমিটার।
আজ ভোর ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ।
আজ সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে সূর্যাস্ত এবং আগামীকাল ভোর ৫টা ৩৮ মিনিটে সূর্যোদয় হবে।