বার্সেলোনার অ্যাভিনিদা মেরিডিয়ানার একটি মোবাইল ফোনের দোকানে গত ২০ এপ্রিল ভোরে চুরির ঘটনা ঘটে। চোরেরা পাশের ভবন থেকে দেয়ালে গর্ত (বুত্রোন) করে দোকানে ঢুকে ১৫টি স্মার্টওয়াচ ও ৭টি মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।
পালানোর সময় একটি দামী গাড়িতে থাকা অবস্থায় তাদের সঙ্গে মুসস এসকোয়াদ্রা (Mossos d’Esquadra)-এর টহল পুলিশের মুখোমুখি হয়। ধরা পড়ার ভয়ে তারা গাড়ি ঘুরিয়ে উল্টো পথে দ্রুত পালাতে গিয়ে ফুটপাথে উঠে যায় এবং একাধিক ট্রাফিক সিগন্যাল অমান্য করে।
শেষ পর্যন্ত রোন্ডা লিটোরালে পুলিশের চেকপোস্টে তাদের গাড়ি আটকে যায়। পাঁচজন গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করলে চারজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ তাদের কাছ থেকে চুরি করা জিনিসপত্রের পাশাপাশি ড্রিল, গ্রাইন্ডার, গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে। গ্রেপ্তার চারজনের বয়স ২৭ থেকে ৩৯ বছরের মধ্যে, তাদের বিরুদ্ধে চুরি ও ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে এবং এর আগে তাদের মোট ১৭ বার গ্রেপ্তার করা হয়েছিল। তদন্ত এখনও চলছে।