প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি প্রবর্তনের কোনো সুযোগ বর্তমান সংবিধানে নেই। তিনি বলেন, “সংবিধানের বাইরে গিয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করা সম্ভব নয়। আইন পরিবর্তন হলে বিষয়টি বিবেচনায় আসবে।”
শনিবার (২৩ আগস্ট) সকালে রাজশাহীর আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
নাসির উদ্দিন বলেন, বর্তমান নির্বাচন কমিশন আইন মেনে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে। “আগের সময়ে কিছু সরকার কমিশনকে প্রভাবিত করার চেষ্টা করেছে। তবে বর্তমান সরকারের পক্ষ থেকে এমন কোনো চাপ নেই। যদি কখনো এমন দাবি আসে, আমি ব্যক্তিগতভাবে সেই অবস্থানে থাকব না—এ বিষয়ে গ্যারান্টি দিতে পারি,” যোগ করেন তিনি।
সিইসি আরও জানান, পূর্বের নির্বাচনে অনিয়মে জড়িত কর্মকর্তাদের দায়িত্ব থেকে সরানো হবে। কমিশনের অধীনে প্রায় ৫ হাজার ৭০০ কর্মকর্তা রয়েছেন, যাদের অনেকে আগেও দায়িত্ব পালন করেছেন। তবে যারা ইচ্ছাকৃতভাবে অনিয়ম করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নির্বাচন প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, প্রধান উপদেষ্টার চিঠি পাওয়ার পর থেকেই কার্যক্রম জোরদার হয়েছে। রমজানের আগে, অর্থাৎ আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতিমধ্যে ভোটার তালিকা হালনাগাদ শেষ হয়েছে, প্রয়োজনীয় সরঞ্জাম কেনার কাজ চলছে। সীমানা নির্ধারণের খসড়া প্রকাশিত হয়েছে, এবং আগামী রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সীমানা শুনানি অনুষ্ঠিত হবে।