স্পেনের কাতালোনিয়া অঞ্চলের সরকার বসবাসের অনুমতি নবায়নে কাতালান ভাষাজ্ঞান বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে। অঞ্চলটির প্রেসিডেন্ট সালভাদর ইয়া জানিয়েছেন, যারা ২০২৬ সালের বিশেষ অভিবাসী নিয়মিতকরণ কর্মসূচির আওতায় বসবাসের অনুমতি পাবেন, তাদের প্রথম বছরের পর নবায়নের সময় কাতালান ভাষার মৌলিক জ্ঞান প্রমাণ করতে হবে।
এই নিয়মটি মূলত নতুন অভিবাসীদের সমাজে অন্তর্ভুক্তি বাড়ানোর উদ্দেশ্যে নেওয়া হয়েছে। কাতালোনিয়া সরকার মনে করে, স্থানীয় ভাষা শেখা সামাজিক সংহতি ও কর্মজীবনে অংশগ্রহণের জন্য গুরুত্বপূর্ণ।
সরকার জানিয়েছে, এ বছর কাতালান শেখার জন্য রেকর্ডসংখ্যক প্রায় ১ লাখ ৫০ হাজার প্রশিক্ষণ আসন রাখা হবে, যাতে নতুন আগতরা সহজে ভাষা শিখতে পারেন। প্রেসিডেন্ট ইয়া বলেন, “কাতালান আমাদের সবার প্রয়োজন” এবং প্রতিটি নতুন ভাষাভাষী পুরো সমাজের জন্য ইতিবাচক।
এই নীতির প্রভাব পড়তে পারে প্রায় ১ লাখ ২০ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার মানুষের ওপর, যারা কাতালোনিয়ায় নিয়মিত হওয়ার সুযোগ পাচ্ছেন।
তবে সিদ্ধান্তটি রাজনৈতিক বিতর্কও তৈরি করেছে। বিরোধী দলগুলো, বিশেষ করে কাতালান স্বাধীনতাপন্থী দলগুলো, এই নীতির সমালোচনা করে বলেছে—এটি ভাষা ও পরিচয়ের প্রশ্নে নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে। অন্যদিকে সরকার দাবি করছে, এটি বাধা নয়, বরং অভিবাসীদের জন্য একটি ‘অন্তর্ভুক্তিমূলক পথ’।
প্রসঙ্গত, স্পেনে ২০২৬ সালের বিশেষ নিয়মিতকরণ কর্মসূচির মাধ্যমে প্রায় ৫ লাখ অনিয়মিত অভিবাসীকে বৈধতা দেওয়ার পরিকল্পনা রয়েছে, যার একটি বড় অংশ কাতালোনিয়ায় বসবাস করেন।