চলতি এপ্রিল মাসের প্রথম ২২ দিনেই দেশে উল্লেখযোগ্য পরিমাণ প্রবাসী আয় এসেছে। এ সময়ে মোট ২৪১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার সমমূল্যের বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়েছেন প্রবাসীরা।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক-এর মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
তথ্য অনুযায়ী, চলতি মাসে প্রতিদিন গড়ে ১০ কোটি ১৯ লাখ ডলার করে প্রবাসী আয় দেশে এসেছে। গত বছরের একই সময়ের তুলনায় এ বছর আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত বছর একই সময়ে দেশে এসেছিল ২০৫ কোটি ৩০ লাখ ডলার।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২২ এপ্রিল পর্যন্ত মোট ২ হাজার ৮৬২ কোটি ৬০ লাখ ডলার প্রবাসী আয় দেশে এসেছে। যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি।
বিশ্লেষকদের মতে, এই ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার চাপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
গত মার্চ মাসে দেশে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলারের বেশি প্রবাসী আয় এসেছে, যা একক মাসে সর্বোচ্চ। এছাড়া ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ডলার এবং জানুয়ারিতে ৩১৭ কোটি ডলার আয় হয়েছিল।
এর আগে ডিসেম্বর, নভেম্বর, অক্টোবর ও সেপ্টেম্বর মাসেও উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে এসেছে। পুরো অর্থবছরজুড়েই প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবাহ লক্ষ্য করা যাচ্ছে।
গত ২০২৪-২৫ অর্থবছরে মোট ৩ হাজার ৩২ কোটি ডলার প্রবাসী আয় দেশে এসেছিল, যা ছিল সর্বোচ্চ। চলতি অর্থবছরেও সেই রেকর্ড অতিক্রমের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিশেষজ্ঞদের মতে, বৈধ পথে অর্থ পাঠানোর প্রবণতা বৃদ্ধি এবং ব্যাংকিং ব্যবস্থার সহজলভ্যতার কারণে প্রবাসী আয়ের এই ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।