বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল সামাজিক মাধ্যমে ভুয়া তথ্য ও যাচাইহীন সমালোচনার বিরুদ্ধে অবস্থান জানিয়েছেন। তিনি অনুসারীদের এমন বিভ্রান্তিকর বিষয় থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে নিজের যাচাইকৃত সামাজিক মাধ্যম পাতায় দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে কথা বলেন। সেখানে অনলাইনে কিছু লেখকের দায়িত্বজ্ঞানহীন আচরণ নিয়ে প্রশ্ন তোলেন এই অভিনেত্রী।
সুনেরাহ বলেন, সামাজিক মাধ্যমে অনেকেই না জেনে, না বুঝে এবং যাচাই না করেই বিভিন্ন বিষয় নিয়ে লিখে ফেলেন, যার অধিকাংশই নেতিবাচক। তিনি উল্লেখ করেন, প্রকৃত সংবাদকর্মীরা পরিশ্রম করে তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করেন, যা দায়িত্বশীলতার পরিচয়।
অভিনেত্রী আরও বলেন, ব্যক্তিগত মতামতের আড়ালে কারও বিরুদ্ধে অপপ্রচার চালানো ঠিক নয়। ‘আমার এমন মনে হয়’—এই ধরনের বক্তব্য দিয়ে কাউকে নিয়ে মন্তব্য করা অযৌক্তিক বলেও মন্তব্য করেন তিনি।
তার মতে, অনেক ক্ষেত্রে এমন লেখালেখির পেছনে উদ্দেশ্য থাকে দৃষ্টি আকর্ষণ, বিনোদন বা আর্থিক লাভ।
সবশেষে তিনি অনুসারীদের উদ্দেশে বলেন, ভিত্তিহীন বিষয় নিয়ে সময় নষ্ট না করে সচেতন থাকার প্রয়োজন রয়েছে।