যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পর্যটকবাহী একটি বাস উল্টে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।
শুক্রবার (২২ আগস্ট) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে বাফেলো শহর থেকে প্রায় ২৫ মাইল দূরে পেমব্রোক এলাকার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে এপি জানিয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, নায়াগ্রা জলপ্রপাত থেকে নিউইয়র্ক সিটির উদ্দেশে যাওয়া বাসটিতে ৫৪ জন যাত্রী ছিলেন। হঠাৎ চালকের অন্যমনস্কতার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়ক থেকে ছিটকে খাদে পড়ে উল্টে যায়। এতে অনেকে ভেতরে আটকা পড়েন এবং কয়েকজন বাইরে ছিটকে গিয়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে আটটি হেলিকপ্টার ও বিপুলসংখ্যক উদ্ধারকর্মী ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। কয়েকজনের অবস্থা সংকটাপন্ন বলে জানানো হয়েছে।
বাসটিতে ভারত, চীন ও ফিলিপাইনের পর্যটকরা ছিলেন। নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, বেপরোয়া গতি ও চালকের অবহেলাই দুর্ঘটনার মূল কারণ। কারিগরি ত্রুটি এ দুর্ঘটনার সঙ্গে জড়িত নয়। বাসের চালক জীবিত আছেন এবং তিনি তদন্তে সহযোগিতা করছেন।