জামালপুর-এ চা বিক্রেতা এক নারীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জামালপুর জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন মো. কালাম (৫০), বুলবুল আহমেদ (৪৫) ও মো. রুক (৪০)। তাদের সবার বাড়ি জামালপুর শহরের পাথালিয়া নওভাঙার চর এলাকায়। এর মধ্যে বুলবুল আহমেদ ও মো. রুক পলাতক রয়েছেন।
মামলার নথি অনুযায়ী, জামালপুর শহরের শাহ জামাল মাজারের সামনে একটি ছোট দোকানে চা ও পান বিক্রি করতেন ভুক্তভোগী নারী। ২০২৩ সালের ১৪ মে রাতে তাকে অপহরণ করে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়।
পরে অসুস্থ অবস্থায় তাকে শহরের ফৌজদারী এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে থানায় মামলা করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তিন আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সঙ্গে প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদণ্ডও করা হয়। এই অর্থ ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, আদালতের এই রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং অর্থদণ্ডের অর্থ ভুক্তভোগী পাবেন।