আধুনিক চিকিৎসাসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিয়ে মৌলভীবাজারে যাত্রা শুরু করল ‘ইনসানিয়া স্পেশালাইজড হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’। সোমবার (২০ এপ্রিল) দুপুরে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের উপদেষ্টা আলহাজ্ব আব্দুর রহিম আনসার। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর আব্দুর নূর মোহন এবং ফাইন্যান্স ডিরেক্টর আশরাফ আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-রাজনগর আসনের সংসদ সদস্য এম. নাসের রহমান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও আলেম ড. এনায়েত উল্লাহ আব্বাসী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অত্যাধুনিক মেডিকেল যন্ত্রপাতি ও দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত এই হাসপাতালটি মৌলভীবাজার জেলাবাসীর জন্য উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবার একটি নির্ভরযোগ্য কেন্দ্রে পরিণত হবে।
চিকিৎসক ও ডিরেক্টরদের মধ্যে ডা. রাকিবুল পলাশ, ডা. এনামুর রশিদ দিপু, ডা. ইয়াহিয়া মাহমুদ ও ডা. ছাদিক আহমেদসহ প্রতিষ্ঠানের অন্যান্য শেয়ারহোল্ডার ও সুধীবৃন্দ তাদের বক্তব্যে হাসপাতালের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।
হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর এই প্রজেক্ট বাস্তবায়নে দেশে-বিদেশে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “মানবসেবার ব্রত নিয়ে আমরা এই প্রতিষ্ঠান গড়ে তুলেছি। আধুনিক চিকিৎসা সরঞ্জামের পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে ইনসানিয়া হাসপাতাল সর্বদা মানুষের বিশ্বস্ত ঠিকানা হয়ে থাকবে।” তিনি জেলাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানটি দোয়া মাহফিল এবং ফিতা কাটার মধ্য দিয়ে শেষ হয়। এ সময় জনপ্রতিনিধি, বিশিষ্ট চিকিৎসক, সাংবাদিক, সমাজসেবী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।