নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের একটি কেন্দ্রে ভুল প্রশ্নপত্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা নেওয়ার ঘটনায় কেন্দ্রসচিবসহ ১১ জন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) কাঁচপুর ওমর আলী উচ্চবিদ্যালয় কেন্দ্রে বাংলা প্রথম পত্রের পরীক্ষায় এ অনিয়মের ঘটনা ঘটে। জানা গেছে, ওই কেন্দ্রে ১৭৭ জন পরীক্ষার্থীকে পুরোনো পাঠ্যক্রমের প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়া হয়।
পরদিন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড-এর চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক চিঠিতে কেন্দ্রসচিবের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। একই সঙ্গে পরীক্ষা নিয়ন্ত্রকের স্বাক্ষরিত পৃথক চিঠিতে ১১ জন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতির বিষয়টি জানানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত জানান, ইতোমধ্যে কেন্দ্রসচিবকে সরিয়ে নতুন দায়িত্বপ্রাপ্তকে নিয়োগ দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
তথ্য অনুযায়ী, ওই কেন্দ্রে চারটি বিদ্যালয়ের প্রায় ৭৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১৭৭ জন পরীক্ষার্থীকে ভুলবশত ভিন্ন বছরের পাঠ্যক্রম অনুযায়ী তৈরি প্রশ্নপত্র দেওয়া হয়। তারা প্রায় ১ ঘণ্টা ২৫ মিনিট পরীক্ষা দেওয়ার পর বিষয়টি শনাক্ত হয়।
পরে প্রশাসনের হস্তক্ষেপে নতুন প্রশ্নপত্র দিয়ে পুনরায় পরীক্ষা নেওয়া হয় এবং পরীক্ষার্থীদের অতিরিক্ত সময় দেওয়া হয়।
ঘটনার দিনই কেন্দ্রসচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট অন্যান্য শিক্ষকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। শিক্ষা বোর্ড জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।