মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ীতে বজ্রপাতে নিহত ছেলের কবর রক্ষায় প্রতিরাত জেগে পাহারা দিচ্ছেন এক বাবা। কবর থেকে লাশ চুরির আশঙ্কা থেকেই এমন মানবিক কিন্তু উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাতের দিকে টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া সামাজিক কবরস্থানে গিয়ে দেখা যায়, নিহত যুবক আরাফাত খানের কবরের পাশে বসে রয়েছেন তার বাবা জসিম খান। রাতভর সেখানেই অবস্থান করছেন তিনি।
জসিম খান জানান, তার ছেলে দর্জির কাজ করে পরিবারের খরচ চালাতেন। সম্প্রতি গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে মারা যান তিনি। স্থানীয়ভাবে শোনা কিছু ঘটনার কারণে তার মনে ভয় তৈরি হয়েছে—বিশেষ করে বজ্রপাতে মৃত ব্যক্তিদের লাশ চুরির ঘটনা নিয়ে।
তিনি বলেন, শারীরিকভাবে অসুস্থ হওয়ায় সব সময় নিজে পাহারা দিতে পারেন না। তাই ধার-দেনা করে অন্য লোক ভাড়া করে কবর পাহারা দিতে হচ্ছে। এতে আর্থিক চাপ আরও বেড়েছে তার ওপর।
এদিকে স্থানীয় বাসিন্দারা বিষয়টিকে দুঃখজনক ও উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন। তারা কবরস্থানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, নিহতের দাফন-কাফনের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, ইউনিয়ন পরিষদের মাধ্যমে গ্রাম পুলিশ দিয়ে কবর পাহারার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রয়োজনে আরও সহযোগিতা করা হবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার টঙ্গীবাড়ী উপজেলায় বজ্রপাতে আরাফাত খানসহ আরও একজন কিশোরের মৃত্যু হয়।