গুগল তাদের জনপ্রিয় গুগল ফোন অ্যাপ–এ এনেছে বড় পরিবর্তন। সর্বাধুনিক ‘মেটেরিয়াল থ্রি এক্সপ্রেসিভ’ ডিজাইনের কারণে সম্পূর্ণ বদলে গেছে অ্যাপটির ইন্টারফেস। দীর্ঘ পরীক্ষার পর অবশেষে ভার্সন ১৮৬–এর মাধ্যমে এই নকশা চালু করা হয়েছে সবার জন্য।
এর ফলে অনেক ব্যবহারকারীর মোবাইলের ডায়াল প্যাড হঠাৎ করেই বদলে গেছে। এতে কেউ কেউ বিভ্রান্ত হচ্ছেন, আবার জরুরি সময়ে কল করার সময়ও সমস্যায় পড়ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে আলোচনা চলছে।
বিশেষজ্ঞদের ব্যাখ্যা
বিশেষজ্ঞরা বলছেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। গুগল মূলত ব্যবহারকারীদের জন্য অ্যাপটিকে আরও আকর্ষণীয়, সহজ ও ব্যক্তিগতকরণযোগ্য করতে নতুন ডিজাইন চালু করেছে। ‘মেটেরিয়াল থ্রি এক্সপ্রেসিভ’ ডিজাইনটিতে রং, গতিশীল অ্যানিমেশন ও নমনীয় আকারের সমন্বয় রয়েছে। ফলে ফোন ব্যবহার আরও আনন্দদায়ক হবে।
এই পরিবর্তন শুধু ফোন অ্যাপেই নয়, গুগল কন্টাক্টস ও গুগল মেসেজেস অ্যাপেও ধাপে ধাপে যুক্ত হচ্ছে। অর্থাৎ পুরো গুগল ইকোসিস্টেমেই একই অভিজ্ঞতা মিলবে।
করণীয়
যদি নতুন ইন্টারফেস ব্যবহার করতে সমস্যা হয়, তাহলে ব্যবহারকারীরা কিছু সহজ পদক্ষেপ নিতে পারেন—
- ফোন রিস্টার্ট দিয়ে দেখা।
- ডায়াল অ্যাপের ক্যাশে ও ডেটা ক্লিয়ার করা।
- আপডেট আনইনস্টল করলে আগের মতো ফিরে আসতে পারে।
- নিয়মিত সিস্টেম আপডেট চেক করা।
- অচেনা কোনো অ্যাপ ডাউনলোড না করা।
- ফোনের নিরাপত্তা নিশ্চিত রাখা।
বিশেষজ্ঞদের মতে, এটি একটি স্বাভাবিক আপডেট। তাই পরিবর্তনে ভয় পাওয়ার কোনো কারণ নেই।