ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা আজ শেষ হচ্ছে। নির্ধারিত সময় অনুযায়ী মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলের মধ্যেই সব প্রার্থীকে তাদের মনোনয়নপত্র জমা দিতে হবে।
বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, সংরক্ষিত ৫০টি আসনের বণ্টনে জোটগত সমঝোতাই মূল ভূমিকা রাখছে। এ ক্ষেত্রে বিএনপি নেতৃত্বাধীন জোট পাচ্ছে ৩৬টি আসন, জামায়াত ও তাদের শরিকদের জোট পাচ্ছে ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীদের জোট পাচ্ছে ১টি আসন।
ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, সোমবারের মধ্যেই বিএনপি তাদের ৩৬ জন নারী প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে। অন্যদিকে জামায়াতসহ শরিক দলগুলোও ১৩ জন প্রার্থীর নাম নির্ধারণ করেছে।
নির্বাচন কমিশনের তথ্যমতে, এখন পর্যন্ত ৪৬৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে কয়েকজন ইতোমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজকের মধ্যেই বাকিরাও ফরম জমা দেবেন বলে আশা করা হচ্ছে।
তফসিল অনুযায়ী, জমা পড়া মনোনয়নপত্র ২২ ও ২৩ এপ্রিল যাচাই-বাছাই করা হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ২৬ এপ্রিল, যা নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ এপ্রিল এবং ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রয়োজন হলে ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সংরক্ষিত আসনে সাধারণত দলগুলো নির্ধারিত আসনের বিপরীতে অতিরিক্ত প্রার্থী দেয় না। ফলে প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষে বড় কোনো জটিলতা না থাকলে অনেক ক্ষেত্রেই প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেন। তবে কোথাও একাধিক প্রার্থী থাকলে সংশ্লিষ্ট আসনে সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে ফল নির্ধারণ করা হবে।