সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর এক প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই বাংলাদেশি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (১৮ এপ্রিল) গভীর রাতে নাজরান শহরে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুর করিম ফরহাদ (৪৫) নোয়াখালীর
সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, প্রায় তিন বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান ফরহাদ। সম্প্রতি তিনি এক পরিচিত যুবককে সেখানে নিয়ে যান। শনিবার রাতে ওই যুবককে বিমানবন্দরে পৌঁছে দিতে যাওয়ার সময় তাদের বহনকারী গাড়ির সঙ্গে একটি লরির সংঘর্ষ হয়। এতে ফরহাদসহ তিনজন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফরহাদকে মৃত ঘোষণা করেন। আহত মো. জুয়েল (২৮) ও মো. হোসেন (৩২) বর্তমানে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, নিহতের পরিবার মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছে।