রংপুরের ঐতিহ্যবাহী সিনেমা হল ‘শাপলা টকিজে’ অভিযান চালিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৩৭ জনকে আটক করেছে পুলিশ।
রোববার বিকেলে রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশ সিনেমা হলটির তৃতীয় তলায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতদের মধ্যে ১৯ জন তরুণী ও ১৬ জন তরুণ রয়েছেন, যাদের বড় অংশই স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী। এছাড়া হলের ২ জন কর্মচারীকেও এ সময় হেফাজতে নেওয়া হয়। বিশেষ সূত্রে জানা গেছে, আটককৃতদের মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন ‘ছাত্রশক্তি’র সদ্য পদত্যাগকারী এক নেত্রীও রয়েছেন।
পুলিশ জানায়, শাপলা হলের তৃতীয় তলায় ছোট ছোট কক্ষ তৈরি করে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। সিনেমা চলাকালীন ওই কক্ষগুলো ভাড়া দেওয়া হতো এবং সেখানে অনৈতিক কার্যকলাপ চলত। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ সেখানে হানা দেয়। অভিযানের সময় হলের কর্মচারীরা বাধা দেওয়ার চেষ্টা করলেও তা উপেক্ষা করে অভিযান সফল করা হয়।
মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জানান, আটককৃতদের মধ্যে যারা শিক্ষার্থী, প্রাথমিক অবস্থায় তাদের পরিচয় নিশ্চিত করে এবং মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সিনেমা হলের কর্মচারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হবে।
তিনি আরও স্পষ্ট করেন যে, নগরীতে যেকোনো ধরনের অসামাজিক কার্যকলাপ বন্ধে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রংপুর মেট্রোপলিটন পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
বর্তমানে এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সচেতন মহলে সিনেমা হলগুলোতে সুস্থ পরিবেশ বজায় রাখার দাবি জোরালো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হলের লাইসেন্স ও কার্যক্রম খতিয়ে দেখছে বলে জানা গেছে।