প্রতি বছর পর্তুগালের বিশ্ববিদ্যালয়গুলো থেকে প্রায় তিন হাজার নতুন নার্স স্নাতক ডিগ্রি অর্জন করেন, যাদের মধ্যে এক-তৃতীয়াংশের বেশি শেষ পর্যন্ত দেশের বাইরে পেশাগত সুযোগ খুঁজে নেন।
সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নার্স সংগঠনের সভাপতি লুইস ফিলিপে বারেয়রা জানান, পেশাটিকে আরও আকর্ষণীয় করতে নেওয়া কিছু পদক্ষেপ এই প্রবণতা কমাতে ভূমিকা রেখেছে। এর মধ্যে রয়েছে প্রারম্ভিক বেতন বৃদ্ধি এবং কিছু ক্ষেত্রে পেশাগত স্বায়ত্তশাসনের স্বীকৃতি।
তিনি উদাহরণ হিসেবে মাতৃ ও প্রসূতি স্বাস্থ্যসেবায় বিশেষজ্ঞ নার্সদের ভূমিকার কথা উল্লেখ করেন, যেখানে তারা কম ঝুঁকির গর্ভধারণ পর্যবেক্ষণ করছেন বিশেষ করে যেসব অঞ্চলে চিকিৎসকের ঘাটতি রয়েছে।
তবে পরিস্থিতির আরও উন্নতির প্রয়োজন রয়েছে বলে মনে করেন তিনি। বিশেষ করে যেসব নাগরিকের কোনো পারিবারিক চিকিৎসক নেই, তাদের জন্য “ফ্যামিলি নার্স” পদ চালুর প্রস্তাব দেন তিনি।
বারেয়রা আরও বলেন, শুধুমাত্র বেতন নয় কাজের পরিবেশ, শিফটের মাঝে পর্যাপ্ত বিশ্রাম, ক্যারিয়ার অগ্রগতি এবং পেশাগত উন্নয়নের সুযোগও দেশত্যাগের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পর্তুগালের স্থানীয় পত্রিকা পুবলিকোর তথ্য অনুযায়ী, সুইজারল্যান্ড এখনো পর্তুগিজ নার্সদের প্রধান গন্তব্য। গত দুই বছরে দেশটিতে ১,৪০০-এর বেশি পর্তুগিজ নার্স কাজের জন্য গেছেন।