মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো বিস্তারিতভাবে তুলে ধরে আনুষ্ঠানিক বিচার শুরুর আবেদন জানায়।
ট্রাইব্যুনাল প্রসিকিউশনের শুনানি শেষে আসামিপক্ষের বক্তব্য শোনার জন্য আগামী ২৩ এপ্রিল দিন ধার্য করেছেন।
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ ও ২১ জুলাই এবং ৫ আগস্ট ফতুল্লা ও সাইনবোর্ড এলাকায় আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় মোট ১০ জন নিহত হন।
মামলায় প্রধান আসামি করা হয়েছে শামীম ওসমানকে। এছাড়া তার ছেলে ইমতিনান ওসমান অয়ন এবং ভাতিজা আজমেরী ওসমানসহ মোট ১২ জনকে আসামি করা হয়েছে।
এই মামলার পরবর্তী ধাপে আসামিপক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের বিষয়ে সিদ্ধান্ত দেবেন।