লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে মেজর লিগ সকারে (এমএলএস) জয় পেয়েছে ইন্টার মায়ামি। কলোরাডো র্যাপিডসকে ৩-২ গোলে হারিয়েছে মায়ামি, যেখানে জোড়া গোল করেন আর্জেন্টাইন এই তারকা।
নতুন কোচ গুইলার্মো হোয়োসর অভিষেক ম্যাচেই দলকে জয়ের আনন্দ দেন মেসি। ম্যাচের ১৮ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করেন তিনি। পরে ৭৯ মিনিটে আরেকটি গোল করে দলের জয় নিশ্চিত করেন।
প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় মায়ামি। মেসির ফ্লিক থেকে তৈরি আক্রমণে মাতেও সিলভেত্তির ক্রস থেকে হেডে গোল করেন জার্মান বার্তেরাম।
তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় কলোরাডো র্যাপিডস। ৫৮ মিনিটে রাফায়েল নাভারো ও ৬২ মিনিটে ড্যারেন ইয়াপি গোল করে সমতায় ফেরান দলকে। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ নেন মেসি।
ম্যাচের ৭৯ মিনিটে রদ্রিগো দি পল-এর পাস ধরে বক্সে ঢুকে তিন ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের শটে জয়সূচক গোলটি করেন মেসি।
মেসির উপস্থিতিতে দর্শকদের ব্যাপক আগ্রহের কারণে ম্যাচটি ডেনভারের বড় স্টেডিয়ামে আয়োজন করা হয়। গ্যালারিতে উপস্থিত ছিলেন ৭৫,৮২৪ দর্শক—যা এমএলএস ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ।
এই জয়ে ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি। ৮ ম্যাচে তাদের সংগ্রহ ১৫ পয়েন্ট। শীর্ষে রয়েছে ন্যাশভিল।
ম্যাচ শেষে কোচ হোয়োস বলেন, “আমাদের দলে ইতিহাসের সেরা খেলোয়াড় আছে, যে একাই ম্যাচের ফল বদলে দিতে পারে।”