রাষ্ট্রক্ষমতায় পরিবর্তন এলেও দেশের শাসনব্যবস্থায় মৌলিক কোনো পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার রাজধানীতে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, বর্তমানে প্রশাসন আগের মতোই চলছে এবং দলীয় প্রভাব এখনো বিদ্যমান। তার মতে, শুধু শাসকদল পরিবর্তন হয়েছে—আগের জায়গায় নতুন দল এলেও পরিচালনার ধরণে তেমন পরিবর্তন আসেনি।
তিনি আরও বলেন, নির্বাচনের পর জনগণের মতামত যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে না। একই সঙ্গে দেশে চাঁদাবাজির ঘটনা বেড়েছে বলেও অভিযোগ করেন তিনি।
জ্বালানি পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন এনসিপি আহ্বায়ক। তার দাবি, বাস্তবে সংকট থাকলেও সরকার তা অস্বীকার করছে এবং কৃত্রিমভাবে পরিস্থিতি তৈরি করে জনগণের ভোগান্তি বাড়ানো হচ্ছে।
এদিকে সংবাদ সম্মেলনে জানানো হয়, বিভিন্ন সংগঠন থেকে আসা প্রায় অর্ধশত নেতা-কর্মী এনসিপিতে যোগ দিয়েছেন। দলটির পক্ষ থেকে বলা হয়, নতুন সদস্যদের অতীত পরিচয়ের চেয়ে বর্তমান ভূমিকা বেশি গুরুত্বপূর্ণ। তবে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বা বিতর্কিত রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে—এমন কাউকে দলে নেওয়া হবে না।
নাহিদ ইসলাম জানান, নতুন সদস্য অন্তর্ভুক্তির কার্যক্রম এখন থেকে চলমান থাকবে।