ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলায় গ্রেপ্তার অস্ত্র সরবরাহকারী মাজেদুল হক হেলাল আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। শনিবার রিমান্ড শেষে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তিনি স্বেচ্ছায় স্বীকারোক্তি দিতে সম্মত হন।
তদন্ত কর্মকর্তার আবেদনের পর আদালত তার জবানবন্দি রেকর্ড করে এবং পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
মামলার তথ্য অনুযায়ী, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পল্টন এলাকার বক্স কালভার্ট রোডে নামাজ শেষে ফেরার পথে সন্ত্রাসীরা গুলি করে গুরুতর আহত করে শরীফ ওসমান হাদিকে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পর ১৪ ডিসেম্বর পল্টন থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়, যা পরবর্তীতে তার মৃত্যুর পর হত্যা মামলায় রূপ নেয়।
পরে তদন্তের অংশ হিসেবে একাধিক আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হলেও তা নিয়ে অসন্তোষ জানিয়ে বাদী পক্ষ আদালতে আপত্তি তোলে। এরপর আদালত পুনঃতদন্তের নির্দেশ দিয়ে মামলাটি সিআইডির কাছে হস্তান্তর করে।
বর্তমানে মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।