কুমিল্লার পাদুয়ার বাজার এলাকায় একটি কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাইভেটকার আরোহী একই পরিবারের চারজন নিহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হোটেল নূরজাহান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার খাইরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। কাভার্ডভ্যানের ধাক্কার ফলে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়।
নিহত চারজন হলেন- মোহাম্মদ ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), তার বড় ছেলে আবুল হাশেম (৫০) ও আবুল কাশেম (৪৫)।
প্রাইভেটকারটি চালাচ্ছিলেন আবুল হাশেম।
এসআই আনিসুর রহমান জানান, নিহতরা সবাই একই পরিবারের। তাদের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ এলাকায়। তাদের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী বলেন, শহর থেকে প্রাইভেটকারটি লাকসাম সড়কে যেতে ইউটার্ন করছিল। এ সময় ঢাকাগামী কাভার্ডভ্যানটি উল্টোপথে আসা একটি বাসকে রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এ সময় প্রাইভেট ও একটি সিএনজি চাপা পড়ে হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে দুপুর ২টার দিকে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ চাপা পড়া প্রাইভেটকার থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করে। এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।