খুলনায় কর্তব্যরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে এক রেলওয়ে পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিজের অস্ত্রের গুলিতে তিনি আত্মহত্যা করেছেন।
শনিবার (১৮ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার রেলওয়ে পুলিশ লাইনের অস্ত্রাগারে এ ঘটনা ঘটে।
নিহত কনস্টেবল সম্রাট বিশ্বাস গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার পদ্মবিলা এলাকার বাসিন্দা। তিনি গত বছরের ৩ নভেম্বর খুলনা রেলওয়ে পুলিশ লাইনে যোগ দেন। তার স্ত্রী পূজা বিশ্বাস সাতক্ষীরায় কর্মরত একজন নারী পুলিশ সদস্য।
পুলিশ সূত্রে জানা গেছে, ভোর ৪টা থেকে ৬টা পর্যন্ত তার ডিউটি ছিল। দায়িত্ব পালনকালে ভোর সাড়ে ৪টার দিকে তিনি নিজের ব্যবহৃত চাইনিজ রাইফেল দিয়ে মাথায় গুলি করেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার খবর পেয়ে খুলনা রেলওয়ে পুলিশ ও খুলনা মেট্রোপলিটন পুলিশ-এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হলেও অন্য কোনো কারণ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
খুলনা রেলওয়ে পুলিশ সুপার আহমেদ মাইনুল হাসান বলেন, পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে এবং ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।