ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। জমা দেওয়া ৫০৯ মনোনয়নপত্রের মধ্যে ৪৬২টি গৃহীত হয়েছে, আর ত্রুটিপূর্ণ হওয়ায় বাতিল হয়েছে ৪৭টি। বৈধ প্রার্থীর মধ্যে ছাত্র ৪০২ জন এবং ছাত্রী ৬০ জন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে এসব তথ্য জানান চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। তিনি জানান, যারা বাদ পড়েছেন তারা ২৩ আগস্ট পর্যন্ত আপিল করতে পারবেন। চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ হবে ২৫ আগস্ট।
একইসাথে নির্বাচনী আচরণবিধি মেনে চলার নির্দেশ দিয়েছে কমিশন। বলা হয়েছে, ২১ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত প্রচারণা চালানো যাবে না। এই সময়ে প্রচারণা করলে তা আচরণবিধি ভঙ্গ হিসেবে গণ্য হবে এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হবে ২৬ আগস্ট।
পদভিত্তিক প্রার্থী সংখ্যা
-
ভিপি: ছাত্র ৪৩, ছাত্রী ৫
-
জিএস: ছাত্র ১৮, ছাত্রী ১
-
এজিএস: ছাত্র ২৪, ছাত্রী ৪
-
মুক্তিযুদ্ধ ও ছাত্র আন্দোলন সম্পাদক: ছাত্র ১৪, ছাত্রী ১
-
বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: ছাত্র ১০, ছাত্রী ১
-
ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক: ছাত্র ৭, ছাত্রী ২
-
সমাজসেবা সম্পাদক: ছাত্র ১৩, ছাত্রী নেই
-
মানবাধিকার ও আইন সম্পাদক: ছাত্র ৮, ছাত্রী ৩
-
স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: ছাত্র ১২, ছাত্রী ৩
-
ছাত্র পরিবহন সম্পাদক: ছাত্র ৯, ছাত্রী নেই
-
ক্রীড়া সম্পাদক: ছাত্র ১২, ছাত্রী ১
-
গবেষণা ও প্রকাশনা সম্পাদক: ছাত্র ৭, ছাত্রী ৪
-
কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক: ছাত্র ২, ছাত্রী ৯
-
আন্তর্জাতিক সম্পাদক: ছাত্র ১৫, ছাত্রী নেই
-
সাহিত্য সম্পাদক: ছাত্র ১৭, ছাত্রী ২
-
সদস্য পদ: ছাত্র ১৯১, ছাত্রী ২৪ — মোট ২১৫
অন্যদিকে ১৮টি হল সংসদের জন্য বৈধ প্রার্থী দাঁড়িয়েছেন ১ হাজার ১০৮ জন। একজনের মনোনয়নপত্র স্থগিত হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।