বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুক পাতা ইউনিয়নে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। একই সঙ্গে আরও ৬ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. হাসান।
মারা যাওয়া দুই শিশু হলো কুরুক পাতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রিংলত পাড়ার বাসিন্দা লেং ক্লাং ম্রোর তিন মাস বয়সী মেয়ে জং রুং ম্রো এবং একই এলাকার লুকুন ম্রোর সাত মাস বয়সী ছেলে খতং ম্রো।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত সপ্তাহ থেকেই ওই এলাকার কয়েকজন শিশুর শরীরে ফোসকার মতো উপসর্গ দেখা দেয়। পরে শনিবার (১১ এপ্রিল) ওই দুই শিশুর মৃত্যু হয়। সংক্রমণ বাড়তে থাকায় বৃহস্পতিবার সকালে আরও ৬ শিশুকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্থানীয় বাসিন্দা সাক নাও ম্রো জানান, দুর্গম পাহাড়ি এলাকায় যোগাযোগব্যবস্থা দুর্বল হওয়ায় অনেক অসুস্থ শিশু এখনো চিকিৎসার বাইরে রয়েছে এবং কিছু শিশু আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
কুরুক পাতা ইউনিয়নের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানার পর প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে মৃত শিশুদের পরিবারের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হয়নি, ফলে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত নয়।
উপজেলা প্রশাসন জানায়, ঘটনাস্থলে একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে। ইতোমধ্যে চার সদস্যের একটি স্বাস্থ্যকর্মী দল দুর্গম এলাকায় গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
ডা. মো. হাসান জানান, বর্তমানে হাসপাতালে ভর্তি ৬ শিশুর মধ্যে অধিকাংশই কুরুক পাতা ইউনিয়নের দুর্গম এলাকার বাসিন্দা। তাদের উপসর্গ দেখে হামের সংক্রমণ সন্দেহ করা হচ্ছে। রোগ নিশ্চিত করতে নমুনা ঢাকায় পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, হাসপাতালে হামের টিকার পর্যাপ্ত মজুত রয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।