গত ২৪ ঘন্টায় দেশে ৫ জনের মৃত্যু হয়েছে এবং অসুস্থ হয়ে ৩১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
২১ আগস্ট বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ডেঙ্গুতে আক্রান্ত হওয়া ৩১১ জনের মধ্যে ঢাকা সিটি করপোরশেনে ১১২ হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বাকিরা ঢাকা সিটির বাইরের।
বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, ডেঙ্গু এখন সিজনাল নেই, সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে এটা বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ওষুধ ব্যবহারের পাশাপাশি সিটি করপোরেশনে পক্ষ থেকে সব জায়গায় প্রচার চালাতে হবে। একইসঙ্গে সবাইকে সচেতন থাকতে হবে।
কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলছেন, মশানিধনে শুধু জেল-জরিমানা আর জনসচেতনতা বাড়িয়ে কাজ হবে না। সঠিকভাবে জরিপ চালিয়ে দক্ষ জনবল দিয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে।চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ হাজার ৭৮২ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ২৬ হাজার ৩৭৯ জন। মারা গেছেন ১১০ জন।
উল্লেখ্য, বিগত বছরগুলোর মধ্যে, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।