চলতি বছরের মধ্যেই দেশের জনগণের জন্য ‘হেলথ কার্ড’ চালু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। সরকারের বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মসূচির ধারাবাহিকতায় এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ চত্বরে নববর্ষ উপলক্ষে লোকজ মেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “নতুন বছরে আমরা জাতিকে এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছি। এর অংশ হিসেবে কৃষক কার্ড চালু হয়েছে এবং আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড চালু করার পরিকল্পনা রয়েছে।”
তিনি আরও জানান, জনগণের কল্যাণে সরকার কৃষি ঋণ মওকুফ, দুস্থদের জন্য বরাদ্দ বৃদ্ধি, টিআর-কাবিখা কার্যক্রম এবং খাল খননসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে।
এ সময় তিনি হামের পরিস্থিতি নিয়েও কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী দাবি করেন, দেশের ৩০টি উপজেলা ও সিটি করপোরেশন এলাকায় হামের ভ্যাকসিন কার্যক্রম চলছে। আগামী ২০ তারিখ থেকে সারাদেশে শিশুদের জন্য হামের টিকা ও ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো শুরু হবে বলেও জানান তিনি।
তিনি বলেন, “হামের বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে এবং মৃত্যুহার কমেছে। আশা করছি আগামী দুই সপ্তাহের মধ্যে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসবে।”
এর আগে নববর্ষ উপলক্ষে মনোহরদীতে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়। পরে লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী।