সৌদি আরবের রাজধানী রিয়াদে আনন্দঘন পরিবেশে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে ‘বৈশাখী মেলা’ অনুষ্ঠিত হয়েছে। মরুময় কর্মব্যস্ত জীবনের ক্লান্তি দূর করে একটু আনন্দ পেতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি ও তাদের পরিবার এই উৎসবে মেতে ওঠেন।
দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে আয়োজিত এই মেলা প্রবাসীদের মিলনমেলায় পরিণত হয়। মেলায় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন পেশাজীবীরা অংশ নেন। ছোট-বড় সব বয়সীদের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।
মেলায় বাংলাদেশি ঐতিহ্যবাহী খাবারের স্টল ছিল চোখে পড়ার মতো। পান্তা-ইলিশ, ঝালমুড়ি, ফুচকাসহ হরেক রকমের খাবারের পাশাপাশি শিশুদের জন্য ছিল বিশেষ খেলাধুলার ব্যবস্থা। বৈশাখী আয়োজনের মূল উদ্যোক্তা হিসেবে ছিলেন ইউসুফ হোসেন, আরাফাত হাশেম দেওয়ান, সালাউদ্দিন আহমেদ, স্বপন আহমেদ হৃদয়, আল আমিন গাজী ও শাহিন খান।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন। প্রবাসী জীবনে দেশীয় সংস্কৃতির গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন আব্দুল আল মামুন, ইঞ্জিনিয়ার ইয়াসিন মিয়া এবং সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি ফারুক আহমেদ চান (এনটিভি প্রতিনিধি)।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরটিভি’র রিয়াদ প্রতিনিধি সোহরাব হোসেন লিটন, মোহনা টেলিভিশনের প্রতিনিধি নাট্যকার ও রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা।মধ্যপ্রাচ্য ইনচার্জ ফারুক আহমেদ চানের সার্বিক তত্ত্বাবধানে এই উৎসবটি প্রবাসীদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে।