বরিশালের গৌরনদীতে মাদকবিরোধী অভিযানের সময় পুলিশের হাত থেকে বাঁচতে ইয়াবা ট্যাবলেট গিলে ফেলেন এক মাদক কারবারি। পরে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
রোববার (১২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে গৌরনদী পৌরসভার নীলখোলা এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তি সানোয়ার হোসেন (৩৫), যিনি মুন্সীগঞ্জের বাসিন্দা এবং গৌরনদীতে ভাড়া বাসায় থাকতেন।
গৌরনদী মডেল থানার এএসআই মো. সরবত আলী জানান, নিয়মিত অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে সানোয়ারকে থামার সংকেত দেওয়া হয়। এ সময় তিনি পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে আটক করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে তার কাছে থাকা ১০-১২টি ইয়াবা ট্যাবলেট গিলে ফেলেন তিনি। এতে ঘটনাস্থলেই অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।
পরে তার কাছ থেকে আরও কিছু ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক হাসান রাসেল জানান, বর্তমানে পুলিশি পাহারায় ওই ব্যক্তির চিকিৎসা চলছে। সুস্থ হওয়ার পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।