সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন কার্যক্রমে ব্যাপক সাড়া পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তিন দিনব্যাপী মনোনয়নপত্র বিতরণ শেষে দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এক হাজারের বেশি ফরম বিক্রি হয়েছে।
দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, শুক্রবার (১০ এপ্রিল) শুরু হওয়া এ কার্যক্রমের শেষ দিন ছিল রোববার (১২ এপ্রিল)। প্রথম দুই দিনে ১ হাজার ২৫টি মনোনয়নপত্র বিক্রি হয়। তিন দিনে মোট বিক্রি এক হাজার ছাড়িয়েছে এবং জমা পড়েছে প্রায় ৯০০টি মনোনয়নপত্র।
তিনি আরও জানান, বিস্তারিত তথ্য দিতে পারবেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তথ্য অনুযায়ী, প্রতিটি মনোনয়নপত্রের মূল্য ২ হাজার টাকা হওয়ায় মোট বিক্রয় থেকে প্রায় ২০ লাখ টাকার বেশি আয় হয়েছে। এছাড়া জমা দেওয়া প্রতিটি ফরমের সঙ্গে ৫০ হাজার টাকা করে জমা দেওয়ার বিধান থাকায় এ খাতে প্রায় ৪ কোটি ৫০ লাখ টাকা জমা পড়েছে। ফলে সব মিলিয়ে মোট আর্থিক লেনদেন দাঁড়িয়েছে আনুমানিক ৪ কোটি ৭০ লাখ টাকার বেশি।
তবে মনোনয়ন ফি নিয়ে কিছু মনোনয়নপ্রত্যাশীর মধ্যে অসন্তোষও দেখা গেছে। তাদের মতে, ৫০ হাজার টাকা জমা দেওয়ার শর্ত অনেকের জন্যই আর্থিকভাবে চাপ সৃষ্টি করছে।
এ বিষয়ে শায়রুল কবির খান বলেন, নির্ধারিত নিয়ম অনুযায়ীই মনোনয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং প্রার্থীদের কাছ থেকে উল্লেখযোগ্য সাড়া পাওয়া গেছে।