শহীদ ওসমান হাদি হত্যা মামলার দুই সন্দেহভাজন আসামিকে বাংলাদেশে ফেরত পাঠাতে সম্মত হয়েছে ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে তাদের ফিরিয়ে আনা হবে।
এ বিষয়ে সম্প্রতি নয়াদিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর এবং তেল ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ পুরীর সঙ্গে বৈঠক করেন। সফরের অংশ হিসেবে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনায় দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়।
বৈঠকে হাদি হত্যা মামলার সন্দেহভাজনদের গ্রেপ্তার করায় ভারত সরকারকে ধন্যবাদ জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। একইসঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে দেশে ফেরত পাঠানোর বিষয়েও অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়।
আলোচনায় ভারতের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা প্রাপ্তি সহজ করার উদ্যোগ নেওয়া হবে। এছাড়া জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে। বাংলাদেশ পক্ষ থেকে ডিজেল ও সার সরবরাহ বাড়ানোর অনুরোধ জানানো হলে তা বিবেচনার আশ্বাস দেয় ভারত।
উভয় দেশই পারস্পরিক আস্থা, সম্মান ও সহযোগিতার ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছে।