জ্বালানি তেল মজুতের অভিযোগে গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক ব্যতিক্রমী অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে একটি পুকুরের পানির নিচ থেকে ডিজেল ভর্তি ব্যারেল উদ্ধার করা হয়েছে।
রোববার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার কান্দি ইউনিয়নের হিজলবাড়ি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ঘটনাস্থল থেকে প্রায় ২০০ লিটার ধারণক্ষমতার একটি ডিজেলভর্তি ব্যারেল উদ্ধার করা হয়।
অভিযানের সময় অবৈধভাবে জ্বালানি তেল মজুতের অভিযোগে স্থানীয় ব্যবসায়ী আসমা বেগম-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা এবং স্থানীয়ভাবে ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পুকুরের পানির নিচে তেল সংরক্ষণ করে কৃত্রিম সংকট তৈরি ও বেশি দামে বিক্রির পরিকল্পনার প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিকভাবে এই ব্যবস্থা নেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয়দের মতে, এ ধরনের কৌশলে তেল মজুতের ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।