চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা এলাকায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু ভাইয়ের করুণ মৃত্যু হয়েছে। নিহতরা হলো— ইয়াসিন (৮) ও রাসেল হোসেন (৫)। তারা সম্পর্কে আপন ভাই এবং স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী।
রোববার (৫ এপ্রিল ২০২৬) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার ১৫ নম্বর রূপসা উত্তর ইউনিয়নের বদিউজ্জামাপুর এলাকার একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে দুই শিশু। এ সময় তাদের মা শাহীনা বেগম পুকুরপাড়ে বসে কাপড় গোছাচ্ছিলেন। কিছুক্ষণ পর সন্তানদের কোনো সাড়া না পেয়ে তিনি পানিতে খোঁজাখুঁজি শুরু করেন এবং পরে দুই ছেলেকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করেন।
পরে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এরপর পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যান।
নিহতদের বাবা আবুল বাশার বলেন, “আমি একজন অসহায় ও প্রতিবন্ধী মানুষ। সকালে দুই ছেলেকে খাবার খাইয়ে মাদ্রাসায় দিয়ে বাজারে ভিক্ষা করতে গিয়েছিলাম। পরে খবর পাই আমার দুই ছেলে পানিতে পড়ে মারা গেছে। আমার সবকিছু শেষ হয়ে গেল।”
ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) এমদাদুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।